রাজধানীতে দোকানপাট খোলা রাখা নিয়ে নির্দেশনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ এএম

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাজধানীতে শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যবসায়ীদের দাবি ও ক্রেতাদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ এই নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর প্রভাবে দেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সরকার। এর অংশ হিসেবে আগে শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে তা বাড়িয়ে সন্ধ্যা ৭টা এবং পরবর্তীতে রাত ৮টা পর্যন্ত করা হয়।

ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে সময়সীমায় সাময়িক শিথিলতা দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজধানীর দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top