পাশের কক্ষেই এক সপ্তাহ পড়ে ছিল মায়ের মরদেহ, জানতেন না মেয়ে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
রাজধানীর মিরপুরে একটি আবাসিক বাসা থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত সাত থেকে আট দিন আগে তার মৃত্যু হয়েছে।
রোববার রাতে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের একটি বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।
পুলিশ জানায়, ওই বাসায় বৃদ্ধা নুরজাহান বেগম ও তার মেয়ে পৃথক দুটি কক্ষে বসবাস করতেন। দীর্ঘ সময় ধরে মায়ের কোনো সাড়া না পেয়ে মেয়ে একজন সেবিকাকে ডেকে আনেন। তিনি ধারণা করেছিলেন, তার মা হয়তো অসুস্থ হয়ে পড়েছেন।
সেবিকা কক্ষে প্রবেশ করে দেখতে পান, বৃদ্ধা অনেক আগেই মারা গেছেন। মরদেহে পচন ধরেছে এবং দেহের কিছু অংশ বিছানায় বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ভাষ্য, প্রায় এক সপ্তাহ ধরে বৃদ্ধার মরদেহ ঘরের ভেতরে পড়ে থাকতে পারে। তবে তার মেয়ে বিষয়টি বুঝতে পারেননি বলে জানা গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বশির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃদ্ধার মেয়ের আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, একই বাসায় থাকার পরও মায়ের মরদেহ থেকে আসা গন্ধ তিনি অনুভব করেননি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহান বেগমের দুই ছেলে উচ্চপদে কর্মরত। তাদের একজন মোংলা স্থলবন্দরের সচিব এবং অন্যজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারা কেউ মায়ের সঙ্গে বসবাস করতেন না। মায়ের মৃত্যুর খবর পেয়ে শিক্ষক ছেলে ঘটনাস্থলে এলেও অন্য ছেলে সেখানে উপস্থিত হননি।
এনএফ৭১/একে
বিষয়:
