৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:২১ এএম
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেলে প্রদেশটির হাইশি অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ফলে বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, বেইজিং সময় বিকেল ৫টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে কাজ করছে।
মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশকও অনুভূত হয়েছে। এর মধ্যে একটি আফটারশকের মাত্রা প্রায় ৫ ছিল বলে জানিয়েছে সিইএনসি।
এদিকে উদ্ধারকারী ও জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দুর্গত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য আফটারশকের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
