মতিঝিলে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ৬০ লাখ টাকা ছিনতাই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোকমান (৪৮) নামে ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, তার ব্যাগে প্রায় ৬০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা ছিল। তবে পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তার কাছে প্রায় ১৭ লাখ টাকা থাকতে পারে। টাকার প্রকৃত পরিমাণ ও উৎস সম্পর্কে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে লোকমানকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, ছিনতাই হওয়া অর্থ হুন্ডির লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে বিস্তারিত জানতে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, মিলন নামে এক ব্যক্তির টাকা অন্য একজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এ সময় দুর্বৃত্তরা গুলি চালিয়ে লোকমানের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগী দাবি করেন, তার ব্যাগে দেশীয় মুদ্রা ও ডলার মিলিয়ে ৬০ থেকে ৭০ লাখ টাকার সমপরিমাণ অর্থ ছিল। তবে ওই অর্থের উৎস সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের এলাকার নজরদারি ক্যামেরার দৃশ্য সংগ্রহ করে বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এনএফ৭১/একে



বিষয়:



Top