হত্যা মামলায় জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০২:৫৪ এএম
রাজধানীর নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত ৫ হাজার টাকা মুচলেকায় আবুল বারকাতের জামিন মঞ্জুর করেছেন। অন্য কোনো মামলায় তিনি গ্রেপ্তার না থাকায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।
এর আগে গত রোববার পুলিশের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে নির্ধারিত জামিন শুনানিতে তার পক্ষে আইনজীবী শর্তসাপেক্ষে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের পক্ষে রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে ছিলেন। পরবর্তীতে ওই মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেলেও নীলক্ষেতের হত্যা মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠীকে আর্থিক সহায়তা ও নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। পরে নিহতের স্বজনরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
