সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবন থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীতে সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবন থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ভবনটির অষ্টম তলার শৌচাগারসংলগ্ন গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নিহতের নাম মো. কামাল উদ্দিন।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির জমাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার তার অন্য একটি শাখায় বদলির কথা ছিল।

ঘটনার খবর পেয়ে প্রধান বিচারপতির কার্যভার পালনরত আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, বিজয়-৭১ ভবনের অষ্টম তলার শেষ প্রান্ত থেকে একজন জমাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে একজন কর্মচারী বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরও জানান, দুপুরের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণকারী কামাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে।

এনএফ৭১/একে



বিষয়:



Top