বিশ্বকাপের আগে বড় ধাক্কা, মাঠে ফিরছেন না নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০২:৫৮ এএম

সংগৃহীত

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে হতাশার খবর। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারছেন না দলের তারকা ফরোয়ার্ড নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নকআউট পর্বের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগেও অনুশীলনে ফিরতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষার পর এখন তার নতুন করে মূল্যায়ন চলছে।

গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে (গ্রেড-টু) চোট পান নেইমার। এরপর থেকেই পুনর্বাসন কার্যক্রমে থাকলেও এখনো তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো আনুষ্ঠানিকভাবে নতুন মেডিকেল রিপোর্ট প্রকাশ করেনি। তবে দলীয় সূত্র ও স্থানীয় গণমাধ্যমের দাবি, মেডিকেল টিম তাকে নকআউট পর্বের লক্ষ্য সামনে রেখেই প্রস্তুত রাখার চেষ্টা করছে।

গ্রুপ ‘সি’-তে ব্রাজিল হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। আগামী ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামার আগে নেইমারকে নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।

দলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত ফিট হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

নেইমারের গুরুত্ব তুলে ধরে আনচেলত্তি আরও বলেন, তার টেকনিক্যাল দক্ষতা ছাড়াও তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সব মিলিয়ে গ্রুপ পর্বে ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যেখানে দলের প্রধান তারকার অনুপস্থিতি কৌশলগত চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।

এনএফ৭১/ওতু



বিষয়:



Top