সংসদে ‘মাথা ঝোঁকানো’ রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:২০ এএম

সংগৃহীত

জাতীয় সংসদ কক্ষে প্রবেশের সময় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে ‘মাথা ঝোঁকানো’ বা বো করার প্রচলিত রীতি নিয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন এবং দাবি করেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

মুজিবুর রহমান বলেন, তৃতীয় জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিধান ছিল। পরবর্তীতে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সেই বিধান সংশোধন করা হয়।

 

তিনি দাবি করেন, “মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি শিরকের কাছাকাছি চলে যায়। এ কারণেই অতীতে এ বিধান বাতিল করা হয়েছিল।”

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আমি খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন, আমরাও সালাম দিই ও জবাব দিই। কিন্তু এরপরও আগের ঝুঁকে সম্মান জানানোর রীতিটি অনেকের মধ্যে রয়ে গেছে। আপনারও আছে, ডেপুটি স্পিকারেরও আছে।”

জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, কার্যপ্রণালি বিধি থেকে ‘শিরকসদৃশ’ বিষয়গুলো বাদ দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা সবার অনুসরণ করা উচিত। এতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কল্যাণ হবে এবং মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে।

বিষয়টির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

স্পিকার বলেন, “এটি অনেকাংশে ব্যক্তিগত বিষয়। কেউ সালাম দেয়, কেউ মাথা ঝোঁকিয়ে সম্মান জানায়। বিশ্বের বিভিন্ন দেশের সংসদেও এ ধরনের রীতি রয়েছে। তারপরও অতীতে এ বিষয়ে কোনো বিধান পরিবর্তন করা হয়েছিল কি না, তা আমি খতিয়ে দেখব।”

মুজিবুর রহমানের বক্তব্যের পর বিষয়টি নিয়ে সংসদে সংক্ষিপ্ত আলোচনা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top