মায়ের প্রতি এ কেমন অবহেলা! কয়েকদিনের মরদেহে পোকা, সন্তানরা সবাই প্রতিষ্ঠিত
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ১২:৪৩ পিএম
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই বাসায় মেয়ের সঙ্গে বসবাস করলেও কয়েকদিন ধরে তাঁর মৃত্যু কারও নজরে না আসায় প্রশ্ন উঠেছে পরিবারের দায়িত্ববোধ নিয়ে।
পুলিশ জানায়, গত ৩১ মে মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ডান চোখ ও পিঠে পোকা ধরেছিল বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাসার পরিবেশও ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর।
নূর জাহান বেগমের দুই ছেলে ও এক মেয়ে সবাই উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত। একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক এবং মেয়ে একটি স্কুলের শিক্ষক। তবে এমন অবস্থায় একজন বৃদ্ধা মায়ের মৃত্যুকে অমানবিক বলে মন্তব্য করেছেন প্রতিবেশীরা।
পল্লবী থানার এসআই শামছুর রহমান জানান, একজন নার্সের মাধ্যমে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর কয়েকদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় নূর জাহান বেগমের মেয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন। অন্যদিকে স্থানীয় এক সাংবাদিক পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনা নতুন করে সামনে এনেছে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩। আইনে সন্তানের ওপর পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব নিশ্চিত করা হয়েছে। আইন অমান্য করলে জরিমানা বা কারাদণ্ডের বিধান রয়েছে।
পল্লবী থানার ওসি মো. হাসান বাসির বলেন, “মা ও মেয়ে একই ফ্ল্যাটে থাকতেন। তারপরও মায়ের এভাবে মারা যাওয়ার বিষয়টি অত্যন্ত অমানবিক।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফাতেমা রেজিনা ইকবাল বলেন, “এ ঘটনা প্রমাণ করে মানুষ ক্রমেই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। নিজের মায়ের খোঁজ রাখার দায়িত্ববোধও অনেকের মধ্যে নেই।”
বিষয়:
