বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৩:১৫ এএম
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বিচারের মুখোমুখি করতে তার প্রত্যর্পণের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।
এ সময় দিল্লি বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে নয়, বরং সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশ সফরে ছিলেন। সেখানে ঘটে যাওয়া পরিস্থিতির কারণে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান এবং দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের সম্মান ও অবস্থান অক্ষুণ্ন রাখাই ছিল তার মূল উদ্দেশ্য। কোনো ধরনের পাল্টাপাল্টি নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করা তার লক্ষ্য ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে “সবার আগে বাংলাদেশ”—এই নীতির ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে। কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান বা স্বার্থ ক্ষুণ্ন করে কোনো সম্পর্ক এগিয়ে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা সম্ভব নয়, তবে তা অবশ্যই সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও স্থিতিশীল ও ইতিবাচক হবে।
কূটনৈতিক পাসপোর্ট প্রসঙ্গে তিনি জানান, এ ঘটনার সঙ্গে পাসপোর্টের কোনো সম্পর্ক নেই এবং তিনি যথাযথ প্রক্রিয়াতেই ভ্রমণ করেছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে যথাযথ সম্মান ও সৌজন্য বজায় রাখা হয়নি বলে তিনি মনে করেন, যার কারণে তিনি পরিস্থিতি বিবেচনা করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সরকারের পক্ষ থেকে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলেও তিনি জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:
