উনিশ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৪:২৬ এএম
বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে অবশেষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটিতে।
গ্রুপ ‘জে’-এর এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ পাচ্ছে আলজেরিয়া।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। আর্জেন্টিনা ও আলজেরিয়া এর আগে মাত্র একবার একে অপরের বিপক্ষে খেলেছে। ২০০৭ সালের জুনে স্পেনের বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলে জয় পেয়েছিল। সেই ম্যাচে লিওনেল মেসি জোড়া গোল করেছিলেন। এছাড়া বাকি দুটি গোল করেছিলেন কার্লোস তেভেজ ও এস্তেবান কাম্বিয়াসো।
প্রায় দুই দশক আগের সেই স্মৃতি নিয়ে এবার প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ইতিহাস ও সামর্থ্যের বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী দলটি।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে নতুন মিশনের সূচনা করতে যাচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা প্রমাণের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলজেরিয়া। ফলে কানসাস সিটির এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
এনএফ৭১/ওতু
বিষয়:
