কলকাতায় মোশাররফ করিমের ‘হেনস্তা’ নিয়ে বিভ্রান্তি, যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৬:০৭ এএম

সংগৃহীত

কলকাতার নিউ মার্কেট এলাকায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রী রোবেনা রেজা জুঁই হেনস্তার শিকার হয়েছেন—এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি নাকচ করেছেন অভিনেতা নিজেই।

মঙ্গলবার (১৬ জুন) ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মোশাররফ করিম বলেন, ঘটনাটিকে ঘিরে যেভাবে প্রচার করা হয়েছে বাস্তবে তেমন কিছু ঘটেনি।

অভিনেতার ভাষায়, “ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।”

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি ভ্রমণ করতে পছন্দ করেন এবং সে কারণেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। কয়েক দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন বলেও জানান তিনি।

ঘটনার সূত্রপাত ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হয়, রাত ১০টার দিকে নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেল–এর সামনে মোশাররফ করিম ও তার স্ত্রীর সঙ্গে একটি রাজনৈতিক সংগঠনের কয়েকজনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

পোস্টটি ঘিরে অনলাইনে প্রতিক্রিয়া ও আলোচনার ঝড় ওঠে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয় এবং ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি তোলা হয়।

তবে অভিনেতার সরাসরি বক্তব্যের পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং ঘটনার প্রকৃত অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top