ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম

‘জুলাই অভ্যুত্থানের পেছনে বিএনপির দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছ’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:২৫ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, রক্ত, ঘাম, জেল-জুলুম এবং আত্মত্যাগ জড়িয়ে রয়েছে।

বুধবার রাজধানীতে ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম দাবি করেন, জনগণ বিএনপির নির্বাচনি অঙ্গীকারের ওপর আস্থা রেখেই দলটিকে ভোট দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন দেশ পরিচালনা করছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলে বলেন, সরকার জনগণের ইচ্ছায় দেশ চালাবে, নাকি অন্য কোনো দলের কথায় চলবে।

তিনি বলেন, জনগণ যেহেতু বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই জনগণের প্রত্যাশা ও নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ীই দেশ পরিচালিত হবে। জুলাই সনদ নিয়ে যারা বেশি সমালোচনা করছেন, তাদের চেয়ে বিএনপি বেশি দেশপ্রেমিক বলেও দাবি করেন তিনি।

আন্দোলনের সময় নেতাকর্মীদের নির্যাতনের প্রসঙ্গ তুলে আব্দুস সালাম বলেন, শেখ হাসিনার শাসনামলে এমন কোনো বিএনপি নেতাকর্মী ছিলেন না, যিনি কারাবরণ করেননি বা নির্যাতনের শিকার হননি। উদাহরণ হিসেবে তিনি ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু-র কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাকে এক জেল থেকে আরেক জেলে স্থানান্তর করে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে।

তিনি আরও বলেন, বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হলেও বিএনপি কখনো আন্দোলনের মাঠ ছাড়েনি এবং স্বৈরাচারের সঙ্গে আপস করেনি।

ঐতিহাসিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখসারিতে নেতৃত্ব দিয়েছেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আব্দুস সালাম বলেন, দেশের মানুষ এখন তারেক রহমান-এর নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। তার দাবি, অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেওয়া বিভিন্ন জনমুখী পদক্ষেপে বিরোধী রাজনৈতিক দলগুলো অস্বস্তিতে পড়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর নতুন রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিএনপির সহায়তায় রাজনীতিতে প্রতিষ্ঠিত কিছু মানুষ এখন দলটির বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন।

অন্তর্বর্তীকালীন সময়ের সমালোচনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, সে সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যর্থতার কারণেই রাজধানীতে বিভিন্ন নাগরিক সমস্যা বেড়েছে। অথচ তারাই এখন নানা বক্তব্য দিচ্ছেন।

দেশের পরিস্থিতি রাতারাতি বদলানো সম্ভব নয় উল্লেখ করে তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, অন্তত এক থেকে দুই বছর সময় দিলে তারেক রহমানের নেতৃত্বে দেশের পরিবর্তন দৃশ্যমান হবে। পাশাপাশি দেশের উন্নয়নে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:



Top