ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানে পুলিশের ওপর হামলা, ওসি–এসআই আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৩:২৫ এএম

সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় চাপাতির আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে এক সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আদাবর এলাকায় চাপাতির ভয় দেখিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তদের শনাক্ত করে তাদের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ।

এরই ধারাবাহিকতায় দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে সন্দেহভাজন ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ।

অভিযানের সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়, এতে এক সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে আরও চারজনকে আটক করা হয়।

আহত দুই পুলিশ কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ ব্যক্তিকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top