শিক্ষকদের অপমানে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা, উত্তাল ব্রাইট স্কুল ক্যাম্পাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর দনিয়ায় অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ-এর দশম শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে বিদ্যালয় থেকে বাসায় ফিরে স্কুলের পোশাক পরা অবস্থায় গলায় ফাঁস দেয় সে।

সহপাঠী ও শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের মহাপরিচালক মাসুদ হাসান লিটন এবং শিক্ষিকা মাহমুদা আক্তার, সানজিদা বেগম ও রিফাত আরার মানসিক নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সাবিকুন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। কয়েকশ শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে মহাপরিচালক মাসুদ হাসান লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, সামান্য কারণেও শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে সবার সামনে অপমান করা হতো। মহাপরিচালকের আচরণ ও কথাবার্তায় অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক ক্ষুব্ধ ছিলেন বলেও জানান তারা। পাশাপাশি শিক্ষার্থীদের মারধর এবং বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তারা।

শিক্ষার্থীদের ভাষ্য, বুধবার বিদ্যালয়ে পাক্ষিক পরীক্ষা চলাকালে ফল খারাপ হওয়ায় প্রথমে কয়েকজন শিক্ষিকা এবং পরে মহাপরিচালক অন্য শিক্ষার্থীদের সামনে সাবিকুনকে অপমান করেন। পরে বাসায় ফিরে আত্মহত্যা করে সে।

এ বিষয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে মহাপরিচালক মাসুদ হাসান লিটন বলেন, তিনি ছাত্রীর আত্মহত্যার খবর শুনেছেন। তবে তার বা শিক্ষিকাদের মানসিক নির্যাতনের কারণে এই ঘটনা ঘটেছে—এ অভিযোগ তিনি অস্বীকার করেন।

ঘটনার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সন্তানদের নিতে বিদ্যালয়ে ভিড় করেন অভিভাবকেরা। অনেকেই সন্তানদের খুঁজে না পেয়ে উৎকণ্ঠায় পড়েন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

এনএফ৭১/একে



বিষয়:



Top