সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:১৯ এএম

সংগৃহীত

বর্ষা মৌসুম শেষে চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। মোস্তাফিজুর রহমান বাবুল-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বাজেটের প্রাপ্যতা এবং প্রশাসনিক প্রস্তুতির ওপর ভিত্তি করে নির্বাচনগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।

মন্ত্রী আরও বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশন-সহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংসদে অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলা পরিষদে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজধানীর পানি সরবরাহ বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা বর্তমানে প্রতিদিন প্রায় ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার পানি উৎপাদন করছে, যেখানে রাজধানীর দৈনিক চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে পানি পরিশোধন ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে এ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে নতুন সফটওয়্যার ভার্সন-২ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে অনলাইন পেমেন্ট সুবিধাও যুক্ত করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংসদে জানান, তরুণদের মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা যাচাইও সম্পন্ন হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top