শিক্ষকদের পক্ষে সংসদে প্ল্যাকার্ড হাতে এমপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৪:২৫ এএম

সংগৃহীত

ঈদুল আজহার পরও মাদ্রাসা শিক্ষকদের বেতন পরিশোধ না হওয়ায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তিনি মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য ও মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন।

আবেগঘন বক্তব্যে নুরুল আমিন বলেন, “ঈদ চলে গেল, আজ মাসের ১৬ দিন হয়ে গেল; অথচ এখনো মাদ্রাসার কোনো শিক্ষক মে মাসের বেতন পাননি। সংসদে আমাদের অনেকেরই মা নেই, আমার নিজেরও মা নেই। সংসদে আসার সময় একজন মাদ্রাসা শিক্ষক আমাকে ফোন করে কেঁদে ফেলেছেন। টাকার অভাবে তিনি তাঁর অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারছেন না।”

তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা সাধারণত মাসের প্রথম বা দ্বিতীয় দিনের মধ্যেই বেতন পেয়ে থাকেন। কিন্তু ঈদ পার হয়ে যাওয়ার পরও মাদ্রাসা শিক্ষকদের মে মাসের বেতন পরিশোধ না হওয়া অত্যন্ত দুঃখজনক।

সংসদ সদস্য আরও বলেন, “মে মাসের বেতন যদি সময়মতো দেওয়া হতো, তাহলে ঈদের সময় শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারতেন।”

মানবিক দিক বিবেচনায় দ্রুত বেতন ছাড়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার মা যেমন আজ পৃথিবীতে নেই, ওই শিক্ষকের মা-ও একদিন থাকবেন না। অন্তত তিনি যেন এই সান্ত্বনা নিয়ে বাঁচতে পারেন যে, মায়ের চিকিৎসা করাতে পেরেছিলেন।”

এ সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান।

একই সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে পরিচালিত ইবতেদায়ি মাদ্রাসাগুলো দ্রুত সরকারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top