১৬ বছরের ক্ষোভ উগরে দিলেন প্রভা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৪:২৪ এএম

সংগৃহীত

টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ভিডিওবার্তায় দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ করেছেন। অনলাইন বুলিং, ট্রল সংস্কৃতি এবং ভিকটিম ব্লেমিং নিয়ে সরব হয়েছেন তিনি।

সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষাপটে প্রকাশিত ভিডিওবার্তায় প্রভা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে নীরব থাকলেও এখন আর চুপ থাকা সম্ভব হচ্ছে না। নিজের দায়িত্ববোধ থেকেই তিনি কিছু বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিডিওতে অনলাইন ট্রলকারী ও বুলিংকারীদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের নিয়ে কটূক্তি, অপমান বা আক্রমণাত্মক মন্তব্য করেন, তাদের অনেকেই নিজেদের জীবন ও অবস্থান নিয়ে অসন্তুষ্ট এবং নিরাপত্তাহীনতায় ভোগেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রভা বলেন, প্রায় ১৬ বছর ধরে তিনি অনলাইন বুলিংয়ের শিকার হয়ে আসছেন। তার ভাষ্য, সমাজের একটি অংশ ভিকটিমকে আক্রমণ করে আনন্দ পেলেও প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে একইভাবে সোচ্চার হয় না।

তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ কিংবা কারও ক্ষতি করার মতো কর্মকাণ্ড গুরুতর অপরাধ হলেও সমাজে অনেক সময় অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকেই দায়ী করা হয়।

সমাজে ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতির সমালোচনা করে প্রভা বলেন, অপরাধীদের আড়াল করে ভুক্তভোগীদের বারবার কাঠগড়ায় দাঁড় করানো হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নেতিবাচক প্রভাব তৈরি করে।

ভিডিওবার্তার শেষ অংশে তিনি সঠিক পারিবারিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং শৈশবের মানসিক আঘাত (চাইল্ডহুড ট্রমা) মোকাবিলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি ভুক্তভোগীদের দোষারোপ না করে প্রকৃত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভার এই বক্তব্য ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে অনলাইন বুলিং ও ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top