‘সংসদে না হলে রাজপথে জুলাই সনদের দাবি আদায় করা হবে’: শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:২০ এএম
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে নিষ্পত্তি না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা আমাদের কমিটমেন্ট ভঙ্গ করতে পারি না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না। সংসদে সমাধান হলে ভালো, আর না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।”
তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানানোই তাদের রাজনৈতিক অবস্থান। “এই দাবি আজ হোক, কাল হোক আদায় হবে ইনশা-আল্লাহ,” যোগ করেন তিনি।
সংবিধান সংশোধন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে মতামত দিয়েছে, সেটিকে সংসদে এসে পরিবর্তনের পক্ষে নয় তার দল। তিনি জানান, সংবিধান সংশোধনের জন্য নয়, বরং সংবিধান সংস্কারের লক্ষ্যে কোনো কমিটি গঠন করা হলে তা বিবেচনা করা হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, “সংবিধান সংশোধন একটি নিয়মিত সংসদীয় প্রক্রিয়া। এটি বিল আকারে আসবে, আলোচনা হবে, পাস বা বাতিল হবে। এর জন্য আলাদা কমিটির প্রয়োজন নেই। তবে সংস্কারের প্রশ্নে প্রস্তাব এলে আমরা তা বিবেচনা করবো।”
সংসদে বিরোধীদলের ভূমিকা তুলে ধরে তিনি জানান, গণভোট, ব্যাংক খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে ‘পুশ-ইন’সহ বিভিন্ন ইস্যুতে তারা নোটিশ দিয়েছেন এবং জনস্বার্থে বক্তব্য তুলে ধরেছেন।
ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ দুটি খাত—শেয়ারবাজার ও ব্যাংকিং ব্যবস্থা—গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসব বিষয়ে জনগণের পক্ষে সংসদে কথা বলেছে বিরোধীদল।
প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে মন্তব্য করেন।
সীমান্ত ইস্যুতে দেওয়া নোটিশ আলোচনায় না আসার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, তাদের দল অতীতের মতো ‘বগলদাবা বিরোধীদল’ হবে না। একই সঙ্গে অযৌক্তিকভাবে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে সংসদ থেকে ওয়াকআউটের পথও খোলা থাকবে, তবে তা দীর্ঘমেয়াদি হবে না।
সংসদ পরিচালনায় প্রতি মিনিটে বিপুল অর্থ ব্যয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণ বা অপ্রয়োজনীয় প্রশংসার পরিবর্তে সংসদকে জনস্বার্থভিত্তিক আলোচনার কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান এবং মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতারা।
এনএফ৭১/ওতু
বিষয়:
