শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ১৪ মিনিটে নিয়ন্ত্রণ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০৬:১৭ পিএম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিমানবন্দরের ৯ নম্বর ফটকসংলগ্ন কার্গো এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের তৎপরতায় মাত্র ১৪ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিক জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আগুনের উৎস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কার্গো এলাকার কিছু অংশে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট দীর্ঘ সময় কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
ওই অগ্নিকাণ্ডে আনসার বাহিনীর সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হন। পাশাপাশি কার্গো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
এনএফ৭১/একে
বিষয়:
