মেয়র হলে ২ বছরের মধ্যে ঢাকার চেহারা পাল্টে দেব: আবদুস সালাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ১২:৩৭ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, আগামী নির্বাচনে জনগণ তাকে মেয়র নির্বাচিত করলে দুই বছরের মধ্যেই রাজধানী ঢাকার দৃশ্যমান পরিবর্তন ঘটানো সম্ভব হবে।
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, তবারক বিতরণ ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, একসময় ঢাকা ছিল আবর্জনায় ভরা নগরী। বর্তমানে নগরবাসী প্রতিদিনই পরিবর্তনের ছাপ দেখতে পাচ্ছেন। তবে শুধু সিটি করপোরেশনের একার পক্ষে নগরীর সার্বিক উন্নয়ন সম্ভব নয়, এজন্য জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি রয়েছে। তাই এখন থেকেই সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা গেলে এই রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শহরকে বাসযোগ্য রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা দল সবসময় জনগণের পাশে ছিল। দেশের বিভিন্ন সংকটময় সময়ে মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুর্নীতি, চুরি ও সন্ত্রাস বন্ধ করা গেলে দেশের অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়া বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
এনএফ৭১/একে
বিষয়:
