মিরপুরে আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান থাকেন কানাডায়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৭:০৩ পিএম
রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে আলোচনা চলার মধ্যেই একই এলাকায় এবার আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর নাম সেলিনা আফরোজ (৫৫)।
বুধবার রাতে মিরপুর-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পল্লবী থানার তদন্ত শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে মিরপুরের ওই ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৬ মে রাতে এক স্বজনের সঙ্গে তার মুঠোফোনে কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে গত ৩১ মে একই এলাকায় একা বসবাসকারী বৃদ্ধা নুরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগ ওঠে, আর্থিকভাবে সচ্ছল পরিবার থাকা সত্ত্বেও জীবনের শেষ সময়ে তিনি পর্যাপ্ত পারিবারিক সঙ্গ ও দেখাশোনা পাননি।
এনএফ৭১/একে
বিষয়:
