ঢাকা উত্তর সিটিতে ১২ হাটের ইজারা প্রদান ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:৩৪ পিএম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোর সুষ্ঠু পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইজারাদার ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।
সভায় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ১০ টি অস্থায়ী গবাদিপশুর হাটের ইজারা বাবদ মোট সাতাশ কোটি উনোশত্ত্র লক্ষ ছাপান্না হাজার তিনশো টাকা নির্ধারণ ও চূড়ান্ত করা হয়।
ঢাকা উত্তর সিটির কোরবানির পশুর হাট ব্যবস্থাপনায় ৩৯ দফা নির্দেশনা জারি করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
সরকারি ভাবে ঘোষিত ঈদের দিন সহ মোট ৫ দিন গবাদি পশুর হাট চালু থাকবে। পশু বিক্রির উপর ৫% টাকা হারে হাসিল আদায় করতে হবে। অতিরিক্ত হাসিল আদায় প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। হাটে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইজারাদারকে নিজ দায়িত্বে ময়লা নির্ধারিত স্থানে জমা করতে হবে, যা সিটি কর্পোরেশন সংগ্রহ করবে। এর বিপরীতে ইজারা মূল্যের ১০ শতাংশ বর্জ্য অপসারণ ফি নেওয়া হবে। এছাড়া হাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার মোতায়েনের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ ও জেনারেটর ব্যবস্থা, এবং নির্ধারিত সীমানার বাইরে হাট বিস্তার রোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইজারা গ্রহণকারীরা সভায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। পরে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিকভাবে একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া হাট ইজারাদারদের আনুষ্ঠানিকভাবে কার্যাদেশ প্রদান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার কথাও জানানো হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।
এনএফ৭১/একে
বিষয়:
