পরকীয়ার টানে সৌদি প্রবাসীকে হত্যা, মুগদার ৭ টুকরো লাশের রহস্য উদঘাটন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। নিহত ব্যক্তি সৌদি প্রবাসী মুকাররম বলে জানা গেছে। পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ লাখ টাকার বেশি আত্মসাৎ করার পর মুকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ আট টুকরো করে পলিথিনে ভরে ময়লার মধ্যে ফেলে দেওয়া হয়।

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে মুগদা থানার পুলিশ মান্ডা প্রথম গলি এলাকার একটি ভবনের বেজমেন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহটি সাত টুকরো অবস্থায় পাওয়া গেলেও মাথা উদ্ধার করা সম্ভব হয়নি।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন অংশ পলিথিনে মোড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ টুকরো করে অন্য কোথাও থেকে এনে ওই ভবনের বেজমেন্টে ফেলে রাখা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি আঙুলের ছাপ সংগ্রহ করা হলেও প্রথমে পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top