গায়কের ছদ্মবেশে গানে গানে মাদকসেবী ধরল পুলিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:৪২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সাধারণ পোশাকে গায়কের ছদ্মবেশ ধারণ করে গিটার বাজিয়ে গানের আসর জমিয়ে মাদক সেবনের সময় তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) রাতে উদ্যানের ভেতরে পরিচালিত এই স্টিং অপারেশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ এই অভিযানের পরিকল্পনা করা হয়। অভিযানে অংশ নেওয়া কয়েকজন পুলিশ সদস্য সাধারণ দর্শনার্থীর বেশে হাতে গিটার নিয়ে উদ্যানের একটি অংশে গানের আড্ডা শুরু করেন। ধীরে ধীরে সেখানে ভিড় জমতে থাকে। একপর্যায়ে কয়েকজন যুবক গানের আড্ডায় বসেই প্রকাশ্যে গাঁজা সেবন শুরু করেন।

পরে সুযোগ বুঝে গিটার হাতে থাকা পুলিশ সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ করেন এবং মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গিটার বাজিয়ে গান গাইতে গাইতেই পুলিশ সদস্যরা, গাঁজাসহ তিনজনকে আটক করছেন।

ডিএমপির এই অভিনব অভিযান নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। অনেকে বলছেন, প্রচলিত অভিযানের চেয়ে এ ধরনের ছদ্মবেশী অভিযান অপরাধ দমনে আরও কার্যকর হতে পারে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর উদ্যান ও জনসমাগমস্থলগুলোকে মাদক ও অপরাধমুক্ত রাখতে ভবিষ্যতেও এমন গোয়েন্দাভিত্তিক ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top