কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর করুণ মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত রেলগাড়িতে উঠতে গিয়ে নিচে পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আসমা ভূঁইয়ার বাড়ি উত্তরা দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মোমিন ভূঁইয়া।

নিহতের স্বামী মোমিন ভূঁইয়া জানান, সকালে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তারা কমলাপুর রেলস্টেশনে আসেন। সবাই লাইনে দাঁড়িয়ে রেলগাড়িতে উঠছিলেন। এ সময় রেলগাড়ি ছেড়ে দেয়। দ্রুত উঠতে গিয়ে আসমা পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। এতে তার পায়ের কিছু অংশ কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top