রাজধানীতে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীতে জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানানো হয়, ডা. আহমেদ হোসেন (৫০) অফিস শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে পৌঁছালে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় তারা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, পুরো ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top