রাজধানীতে ঘরে ঢুকে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত মা ও দুই ভাইবোন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩০ এএম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গভীর রাতে বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মা ও দুই ভাইবোন গুরুতর আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে কাজলা ভাঙ্গা প্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিয়া মনি নবনী (২০) বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন- তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), বোন জয়া (১২) এবং ভাই মোয়াজ (১৫)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত আবু মুসা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের হাসপাতালে নেওয়া গাড়িচালক বিল্লাল হোসেন জানান, রাতের ওই সময়ে বাড়ির নির্মাণকাজের ঠিকাদার আবু মুসা ধারালো অস্ত্র নিয়ে পরিবারের ওপর হামলা চালান। হামলার সময় তিনিও আহত হন। পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং হামলাকারীকে আটক করে।
প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে নুসরাত জাহান মৌসুমীর সঙ্গে আবু মুসার বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে তিনি ক্ষিপ্ত হয়ে এই হামলা চালান। এতে ঘটনাস্থলেই দিয়া মনি নবনী নিহত হন এবং পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত হন।
ঘটনার সময় পরিবারের কর্তা নবু উল্লাহ বাসায় ছিলেন না। অসুস্থ ছোট সন্তানকে নিয়ে তিনি হাসপাতালে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
