ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের মরদেহ গ্রামে পৌঁছেছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৩ এএম
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছেছে। রোববার (২৭ অক্টোবর) মধ্যরাতে মরদেহ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোমবার সকাল ৯টায় গ্রামের পাশের একটি মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
তার আগে রোববার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ্ জামে মসজিদে প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে স্বজন ও এলাকাবাসীসহ শত শত মানুষ অংশ নেন।
নিহত আবুল কালাম ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় ভাড়া থাকতেন তিনি।
প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম।
দুর্ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের যাবতীয় দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ নেবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা ও একজন কর্মক্ষম সদস্যকে চাকরির ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়:
