আগামী ৩ দিন বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২, ০৪:৫৯ এএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ আগামী তিন দিন (৫২ ঘণ্টা) এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত সড়কের ওই অংশ দিয়ে চলাচল না করতে অনুরোধ করা হয়েছে।
বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া ওই সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এর আগে একই কারণে গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার পরামর্শ ছিল।
বিষয়: বিমানবন্দর সড়ক
