অভিমান করে গলায় ফাঁস দিলেন যুবক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০৩:৫৬ এএম
রাজধানীর মুগদার মান্ডা সরদারবাড়ি এলাকার একটি বাসায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন মো. সাব্বির হোসেন নামের এক রিকশাচালক।
শুক্রবার (২২ এপ্রিল) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সুবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাব্বির হেসেনের বাবার বরাত দিয়ে তিনি বলেন, বাবার সঙ্গে অভিমানে ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের বাবা আজিজুল হক জানান, ছেলে ও আমি দুজনই রিকশা চালাই। কিস্তির টাকা দেওয়ার জন্য ছেলের কাছ থেকে ৪০০টাকা নেই। পরে আরও ১০০ টাকা চাইলে আমার সঙ্গে একটু রাগারাগি হয়। পরে অভিমান করে তার কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন। উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনএফ৭১/আরআর/২০২২
