পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০২:১৬ এএম

সংগৃহীত

পাঠ্যবইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জীবন, কর্ম, বীরত্ব ও শাহাদাতের ঘটনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৮ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমে তার বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পাঠ্য সংযোজন করা হবে।

বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যদের সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক প্রবন্ধের আলোকে নতুন পাঠ অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সাল থেকে তার জীবন ও সংগ্রাম শিক্ষার্থীদের পাঠ্যসূচির অংশ হবে।

সভা সূত্র জানায়, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মীর মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে ওসমান হাদিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)।

ঝালকাঠির নলছিটির সন্তান ওসমান হাদির বাবা একজন মাদ্রাসা শিক্ষক। নেছারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তীতে ইনকিলাব মঞ্চ গঠনের মাধ্যমে আলোচনায় আসেন ওসমান হাদি। ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর আগেই সন্ত্রাসীদের গুলিতে তার জীবনাবসান ঘটে।



বিষয়:



Top