পাঁচ দিনেও ডুয়েটে প্রবেশ করতে পারেননি নতুন উপাচার্য, ক্যাম্পাসে অচলাবস্থা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৮:৩১ পিএম
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা অচলাবস্থা বিরাজ করছে। নিয়োগের পাঁচ দিন পার হলেও আন্দোলনের মুখে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।
গত রোববার আন্দোলনরত শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মামলা দায়ের করে।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও মাঠে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
গাজীপুর সদর মহানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক আবু তৈয়ুব বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে উপাচার্য এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, তিনি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেতন, ভাতা ও বকেয়া পরিশোধের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে এবং সবার মতামতের ভিত্তিতে ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশ করা হবে।
বর্তমানে বড় ধরনের সংঘর্ষ না থাকলেও প্রশাসনিক অচলাবস্থা ও অনিশ্চয়তা এখনো কাটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:
