চবিতে নারী শিক্ষার্থীকে নিয়ে অশালীন মন্তব্য, শিবিরকর্মীর বিরুদ্ধে অভিযোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:০৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় গালাগাল ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী আলি আহসান মোজাহিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, যিনি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানা গেছে।
শনিবার (২৩ মে) রাতে ঘটনাটি প্রকাশ্যে এলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে গঠিত ফেসবুক গ্রুপ ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’-এ শামসুন নাহার হল ও হল সংসদ নিয়ে একটি পোস্টে মন্তব্য করার সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে লক্ষ্য করে ছদ্মনামে আপত্তিকর মন্তব্য করা হয়। পরে গ্রুপ অ্যাডমিন ও মডারেটরদের সহায়তায় অভিযুক্তের প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়।
ভুক্তভোগী ও অভিযুক্ত শিক্ষার্থী একে অপরকে আগে থেকে চিনতেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে একসঙ্গে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী।
তবে এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই ছাত্রী এবং বিশ্ববিদ্যালয় খোলার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
অভিযুক্ত আলি আহসান মোজাহিদ চবি আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি একসময় সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে নিষ্ক্রিয় এবং অন্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এদিকে ভুক্তভোগীকে সহায়তার উদ্যোগ নিয়েছে চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ)। চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক জানিয়েছেন, ভুক্তভোগীর সম্মতির ভিত্তিতে অভিযোগ র্যাগিং ও বুলিং প্রতিরোধ সেলে নেওয়া হবে এবং প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
