আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শুরু ১৫ দিনের ঈদের ছুটি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:৪৩ পিএম
নানা আলোচনা-সমালোচনা ও সিদ্ধান্ত পরিবর্তনের পর অবশেষে আজ শনিবার থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। এর ফলে দেশের প্রায় সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি কার্যকর হয়েছে।
শুক্রবার রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তানভীর মিয়া। তিনি জানান, শনিবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এবং আগামী ৬ জুন পর্যন্ত ছুটি চলবে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল, ঈদের আগের শনিবার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গত ২৪ মার্চ জারি করা নির্দেশনায় ঈদের ছুটির পর টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
তবে এই সিদ্ধান্তে আপত্তি জানান শিক্ষকরা। বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শনিবার বিদ্যালয় বন্ধ রাখার দাবিতে লিখিত আবেদনও করা হয়।
পরবর্তীতে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার আগের সিদ্ধান্ত পরিবর্তন করে। ফলে শনিবার থেকেই ঈদের ছুটিতে গেল দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।
এনএফ৭১/একে
বিষয়:
