নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির জিরো পয়েন্ট এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম শান্ত চন্দ্র বনিক (২২)। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ গ্রামের ক্ষিতিশ চন্দ্র বনিকের ছেলে। শান্ত বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার বেলা ৩টার দিকে শান্তসহ ১২ জন সহপাঠী বিছনাকান্দিতে ঘুরতে যান। পরে বিকাল ৪টার দিকে শান্ত ও তার পাঁচ সহপাঠী জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে পানিতে নামেন।

একপর্যায়ে বিকাল ৫টার দিকে প্রবল স্রোতের টানে শান্ত ও তার দুই সহপাঠী পানিতে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নৌকাযোগে দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হলেও শান্ত নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোয়াইনঘাট থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় ডুবুরি দল প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে শান্তর মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের যৌথ চেষ্টায় দীর্ঘ উদ্ধার অভিযান শেষে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top