নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসে ববির শাটডাউন প্রত্যাহার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শনিবার (১৬ মে) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ–এর সঙ্গে বৈঠকের পর বিকেলে এ ঘোষণা দেওয়া হয়।

একই দিন শিক্ষকদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্যের সঙ্গে আলোচনার পর আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. হাফিজ আশরাফুল হক বলেন, উপাচার্য শিক্ষকদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় ৬০ জন শিক্ষক অংশ নেন।

সভায় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট, পর্যাপ্ত ক্লাসরুমের অভাব এবং শিক্ষার্থীদের আবাসিক হল না থাকার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগও আলোচনা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক মামুন অর রশিদ বলেন, বিদ্যমান নীতিমালায় পদোন্নতির সুযোগ সীমিত হলেও অভিন্ন নীতিমালার ৯ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক শিক্ষককে অন্তত একবার পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে ‘ডিউ ডেট’ কার্যকরের আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, গত ২১ মে থেকে পদোন্নতির দাবিতে আন্দোলনে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবির সমর্থনে তারা ক্লাস-পরীক্ষা বর্জনসহ শাটডাউন কর্মসূচি পালন করেন। এ সময় বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top