শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: প্রক্টরের পদত্যাগ দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল জাবি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৩:০৫ পিএম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসনের দেওয়া সময়সীমা শেষ হলেও কোনো অগ্রগতি না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন তারা।

শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে তারা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলেন।

এর আগে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা না হলে প্রক্টরের পদত্যাগ দাবি করা হবে বলেও ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়া, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ করে দ্রুত সাড়া প্রদানকারী দলে যুক্ত করা এবং শিক্ষার্থীদের জন্য সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় প্রক্টর নৈতিকভাবে দায়িত্বে থাকার অধিকার হারিয়েছেন।

অবস্থান কর্মসূচির একপর্যায়ে রাত তিনটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে সংঘটিত অপরাধ প্রক্টরিয়াল বডি দেখভাল করে। তবে বহিরাগতদের অপরাধ ফৌজদারি বিষয় হওয়ায় সেটি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে।

তবে উপাচার্যের বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় পরদিন আশুলিয়া থানায় অজ্ঞাত এক যুবককে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এনএফ৭১/একে



বিষয়:



Top