জাবিতে মাদক সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৯:৩৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসেবে এসে গাঁজা সেবনের অভিযোগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই শিক্ষার্থী হলেন আলী কারিম ও খন্দকার মেহরুন নেছা সুবাহ।
জানা গেছে, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫১তম ব্যাচের দুই শিক্ষার্থীর আমন্ত্রণে ক্যাম্পাসে আসেন। পরে সুইমিংপুল এলাকায় গাঁজা সেবনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হাতেনাতে আটক করে।
পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। আদালত প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে মাদকসহ সব ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।
এনএফ৭১/একে
বিষয়:
