চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:৪৭ এএম

সংগৃহীত

সমুদ্র গবেষণা, আবহাওয়া পর্যবেক্ষণ এবং দুর্যোগ পূর্বাভাসে নতুন দিগন্তের সূচনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হওয়া ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। এর মাধ্যমে সমুদ্রসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য এখন অনেক দ্রুত সংগ্রহ করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা জানান, আগে আবহাওয়া ও সমুদ্রবিষয়ক তথ্য ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে দীর্ঘ সময় লাগত। নতুন এই স্টেশনের মাধ্যমে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। এই বিশাল সামুদ্রিক সম্পদের কার্যকর গবেষণা, পর্যবেক্ষণ ও অনুসন্ধানের লক্ষ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন।

স্টেশনটি থেকে সরকারির বিভিন্ন দপ্তর, গবেষণা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সরাসরি তথ্য সংগ্রহ করতে পারবে। এটি মোট ১১টি স্যাটেলাইট স্টেশনের সঙ্গে সংযুক্ত হওয়ার পরিকল্পনা নিয়ে নির্মিত হয়েছে। ইতোমধ্যে ৭টি স্যাটেলাইটের সঙ্গে এর সংযোগ স্থাপন করা হয়েছে।

এই গ্রাউন্ড স্টেশন থেকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রের তাপমাত্রা, মৎস্যসম্পদের অবস্থান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এসব তথ্য গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, রিয়েল-টাইম তথ্যপ্রাপ্তির মাধ্যমে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, মৎস্য খাতের উন্নয়ন এবং দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদানে এই স্টেশন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

চীনের ইনস্টিটিউট অব ওশানোলজির সহায়তায় নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি টাকা।

 

 এনএফ৭১/ওতু



বিষয়:



Top