মধ্যরাতে ঢাবির হলে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০২:২৬ পিএম
পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন।
বুধবার রাত ১১টার দিকে হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহে হলের বেশ কয়েকজন ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো নির্দিষ্ট বাজেট আছে কি না জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ খাতে আলাদা কোনো বরাদ্দ নেই।
এ বক্তব্যের পর ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামেন ছাত্রীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে।
তারা আরও জানান, বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং পানিবাহিত রোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানির মান নিয়ে উদ্বেগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এনএফ৭১/একে
বিষয়:
