অন্যায় করিনি, রাষ্ট্রই আমার সঙ্গে অন্যায় করেছে: জামিনে মুক্তি পেয়ে ইমি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৪:৫২ এএম

ছবি: সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি জামিনে মুক্তি পাওয়ার পর বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি, বরং রাষ্ট্র তার সঙ্গে অন্যায় করেছে।

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় প্রায় দুই মাস কারাভোগের পর সম্প্রতি তিনি কারামুক্ত হন। মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিবাদী কর্মসূচিকে অপরাধ হিসেবে দেখানো হয়েছে, যা তিনি মেনে নিতে পারেন না।

ঘটনার সূত্রপাত গত ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে একটি কর্মসূচিকে কেন্দ্র করে। ওই সময় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোকে ঘিরে কর্মসূচি চলছিল বলে জানা যায়। এর আগের দিন বিশ্ববিদ্যালয় এলাকায় এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনার প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে দাবি করেন ইমি।

পরদিন ৮ মার্চ তাকে আরও কয়েকজনসহ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি মুক্তি পান।

মুক্তির পর তিনি অভিযোগ করেন, কর্মসূচির সময় তাদের ওপর হামলা হয়েছে এবং সেখানে কিছু সংগঠিত গোষ্ঠী জড়িত ছিল। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

ইমি বলেন, তিনি কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। বরং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল তার অবস্থান।

তিনি আরও জানান, কারাগারে থাকাকালে পরিবারের কষ্ট ও বাবার অসুস্থতার খবর তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে, তবে তিনি ন্যায়বিচারের লড়াই থেকে সরে আসবেন না। রাজপথের আন্দোলন ও আইনি লড়াই—দুটোই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।



বিষয়:



Top