ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক মোনামি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১০:৩৪ পিএম

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন।

ফেসবুক পোস্টে মোনামি লেখেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। তিনি আরও জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে তিনি কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা রাখেননি।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণ তার পরিকল্পনায় ছিল না বলে উল্লেখ করেন।

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে জানান।

নিজের পোস্টে তিনি লেখেন, তিনি নিজেকে খুবই সাধারণ একজন শিক্ষক ও মানুষ হিসেবে দেখেন এবং এত বড় প্রশাসনিক দায়িত্ব পাওয়া তার জন্য অপ্রত্যাশিত ছিল।

সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে তিনি তার কাছ থেকে ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা শিখেছেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী সময়টি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ও অভূতপূর্ব অভিজ্ঞতা, যা আগে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে মোকাবিলা করতে হয়নি বলে তিনি মনে করেন।

শেষে তিনি নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top