পর্যায়ক্রমে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (৯ মে) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত China-Bangladesh Education Cooperation Forum-2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে চীন দূতাবাস এবং China-Bangladesh Education and Cultural Exchange Association।
মন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রের উন্নয়নের কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করছে সরকার। শিক্ষার মানোন্নয়নে সিলেবাস, কারিকুলাম ও একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে চীনের সঙ্গে যৌথভাবে সাধারণ ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও সুদৃঢ় করতে শিক্ষা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বের জন্য যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
ফোরামে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে শিক্ষা ও প্রযুক্তিবিষয়ক একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।