ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৬:২৬ পিএম
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ইডেন মহিলা কলেজ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আবাসিক হলের একদল শিক্ষার্থী কলেজের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ এবং ‘ইডেন কলেজে রাজনীতি, চলবে না চলবে না’- এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভাঙারও চেষ্টা করেন।
বিক্ষোভ চলাকালে গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। একই সঙ্গে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম ও প্রভাব বন্ধের দাবি জানান তারা।
ঘটনার বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মিছিল করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তায় পুলিশ মোতায়েন আছে বলেও জানান তিনি।
এর আগে শনিবার সন্ধ্যার পর কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ বাক্যটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
কলেজের শিক্ষার্থী সুরাইয়া বেগম বলেন, ইডেন কলেজে রাজনীতি নিষিদ্ধ- এ বিষয়টি সবার জানা। গেটে সেই লেখা ছিল, কিন্তু সন্ধ্যায় সেটি মুছে ফেলা হয়েছে।
তার অভিযোগ, একটি পক্ষ আবারও ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফিরিয়ে এনে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইডেন কলেজে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
এনএফ৭১/একে
বিষয়:
