রমজানের আবহে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিবেট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল
ওয়াসিমুল বারী সিয়াম | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম
রমজানের নরম আলোয় যখন দিনের শেষ বিকেল নামছিল, তখন রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামটি রূপ নেয় এক ভিন্ন আবেশে। কোলাহলের মাঝেও ছিল না কোনো ব্যস্ততা ছিল কেবল ইফতারের মুহূর্তের অপেক্ষা। সেই আবহেই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল।
সোমবার (২ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হন। পরিচিত মুখের ভিড়, দীর্ঘদিন পর দেখা হওয়ার উষ্ণতা এবং রমজানের পবিত্রতায় মিলেমিশে তৈরি হয় আন্তরিকতা ও মানবিকতার এক অনন্য পরিবেশ।
অনুষ্ঠানটি শুরু হয় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে। রমজানের তাৎপর্য, আত্মসংযম ও ভ্রাতৃত্ববোধের বার্তা উঠে আসে আয়োজনে। নীরবতার মাঝেও যেন প্রতিটি হৃদয় একই সুরে কথা বলছিল।
.jpeg)
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. আব্দুল মতিন, ডিবেট ফোরামের সম্মানিত কনভেনার ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক এবং অর্থনীতি বিভাগের ড. ওমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিবেট ফোরামের নবগঠিত কমিটির সভাপতি সাদ ইসলাম সাউদ, সাধারণ সম্পাদক জিহাদ আহমেদ শিশির, ক্লাবের অন্যান্য সদস্য, সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাইরা।
শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়। নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিল আবারও প্রমাণ করেছে, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি সম্পর্ক, মূল্যবোধ ও মানবিক বন্ধনের এক জীবন্ত চর্চাকেন্দ্র।
বিষয়:
