ঢাবিতে জুলাই গণ–অভ্যুত্থান হামলা: ৪০৩ জনকে শোকজ, জবাব দিয়েছে মাত্র ৮৩ জন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি–সাধারণ সম্পাদকসহ মোট ৪০৩ জন নেতাকর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গত বছরের নভেম্বর মাসে দেওয়া ওই নোটিশের জবাব এখন পর্যন্ত দিয়েছেন মাত্র ৮৩ জন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত প্রশাসনের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।
এদিকে, জুলাই গণ–অভ্যুত্থানে হামলার ঘটনার দেড় বছর পেরিয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা এ ক্ষোভ প্রকাশ করেন।
প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, “মোট ৪০৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৮৩ জন জবাব দিয়েছেন—কেউ লিখিতভাবে, কেউ আবার অনলাইনের মাধ্যমে। তাদের বর্তমান একাডেমিক অবস্থা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও হলগুলোতে চিঠি দেওয়া হয়েছে। তারা যে জবাব দিয়েছে, তা কতটা সংগত—সেটি যাচাই করাই মূল উদ্দেশ্য।”
তিনি আরও জানান, গত বুধবার সংশ্লিষ্ট তথ্য হাতে পেয়েছে প্রশাসন। চলতি সপ্তাহে সভা করে জবাবদাতাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদের বিষয় আসন্ন শৃঙ্খলা পরিষদের সভায় উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার প্রেক্ষিতে গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভায় ওই ১২৮ জনসহ মোট ৪০৩ শিক্ষার্থীর সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে।
বিষয়:
