আজ জবি জকসু নির্বাচন: সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ এএম
কয়েক দফা স্থগিতের পর আজ অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় গত বছরের ৩০ ডিসেম্বর। ওই দিন নির্বাচন শুরুর ঠিক আগমুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয়।
পরবর্তীতে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সভা শেষে ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
বিষয়:
