৩৬ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বুধবার সকাল ৯টায়। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
৩৬ বছর পর আয়োজিত এই ভোটযুদ্ধ ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। এবারের নির্বাচনে চাকসুর ২৬টি পদে লড়ছেন ৪১৫ প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “এবারের নির্বাচন ওএমআর ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। সব ব্যালটে থাকবে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড এবং একটি গোপন কোড, যা মেশিনে শনাক্ত হবে।”
চাকসু নির্বাচনে মোট ১৩টি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বাম সংগঠনগুলোর ‘দ্রোহ পর্ষদ’ ও ‘বৈচিত্র্য ঐক্য’, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র মসলিজ সমর্থিত ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, স্বতন্ত্র শিক্ষার্থী জোট ও সুফিপন্থি ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।
কঠোর নিরাপত্তাব্যবস্থা
বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ফোর্স, স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা। থাকছেন পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক হাজার ৫০ পুলিশ সদস্য ও ৪০ র্যাব সাইকেল ইউনিট। প্রয়োজনে বিজিবি ও সেনাবাহিনীও সহায়তায় থাকতে পারে। ভোটারদের তিন ধাপে তল্লাশি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, “শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে শুধুমাত্র শিক্ষার্থী ও অনুমোদিত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন।”
ভোটারদের নির্দেশনা
ভোটাররা আজ তিনটি গেট—কাটা পাহাড়, ৩ নম্বর গোডাউন ও শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে পারবেন। বৈধ আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক, আর প্রথম বর্ষের শিক্ষার্থীরা ব্যাংক পে স্লিপ দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
ছবিযুক্ত ভোটার তালিকার সঙ্গে আইডি যাচাই শেষে ভোটাররা পাঁচটি ব্যালট পেপার পাবেন। নির্ধারিত পেন ব্যবহার করে প্রার্থীর নামের পাশে থাকা বৃত্ত পূরণ করতে হবে। নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ পাঁচটি, হল সংসদে তিনটি এবং হোস্টেল সংসদে তিনটি ভোট দেওয়া যাবে। সীমার বেশি ভোট দিলে শুধু ওই পদের ভোট বাতিল হবে।
অনিয়ম বা অভিযোগ জানাতে যোগাযোগ করতে হবে ০১৮১৯৩৮৭১২২ নম্বরে।
শাটল ট্রেন ও বাস চলাচল
ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেন ১১ বার বিশ্ববিদ্যালয় ও নগরীর মধ্যে চলাচল করবে। এছাড়া থাকবে ৩০টি বাস।
-
চট্টগ্রাম স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭:৩০টায় এবং শেষ ট্রেন রাত ১০:১০টায়।
-
বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮:৪০টায়, শেষ ট্রেন রাত ১০:৪৫টায়।
-
সকাল ৯টায় নিউ মার্কেট ও ষোলশহর থেকে বাস ছাড়বে, বিকেল ৫:৩০টায় শেষ ট্রিপ যাবে নগরীর দিকে।
প্রশাসন আশা করছে, শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করবেন এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
বিষয়:
