এবারও আগের নিয়মেই একাদশে ভর্তি
নিশি রহমান | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০৩:১৪ এএম
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সদ্যই প্রকাশ হয়েছে। এখন শিক্ষার্থীদের ভাবনা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া। বরাবরের মতো এবারও একাদশে ভর্তি হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।
শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে হবে ভর্তির কাজটি।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি গত সোমবার এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিকে ভর্তি যে পদ্ধতিতে হয়, এ বছরও সে পদ্ধতিতেই হবে। আর ভর্তিতে আসনসংকট হওয়ার কোনো কারণ নেই। কারণ, যত শিক্ষার্থী পাস করেছে, তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি রয়েছে।
